দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় ড্রোন হামলা ও সংঘর্ষে একাধিক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, সোমবার রাতে হামলায় ১১ সেনা আহত হন। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আহতের সংখ্যা ১০ বলা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এসব সেনা আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, একজন মাঝারি এবং বাকিরা সামান্য আহত।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানানো হয়।
লেবাননের দক্ষিণাঞ্চলের বিনত জেবেইল শহরটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এলাকাটি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে।





