খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, সংবিধানে মুসলমানদের মৌলিক দাবি পূরণ না হলে সেই সংবিধান বা সনদ মানা হবে না।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বক্তৃতায় আব্বাসী বলেন, আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে মহানবী মোহাম্মদ (সা.)-কে প্রেরণ করে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করেছেন। এরপর আর কোনো নবী-রাসূল ছিলেন না, নেই এবং কিয়ামত পর্যন্ত আসবেন না। এ বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো সেক্যুলার রাষ্ট্রের কথা বলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা থেকে দূরে থাকে। “সরকার ও রাষ্ট্র কি শুধু অমুসলিমদের স্বার্থে কাজ করছে?”—প্রশ্ন তোলেন আব্বাসী।
তিনি আরও বলেন, দেশের প্রকৃত মালিক প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স ও ভ্যাটের অর্থে সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে। যদি তাদের মৌলিক দাবি সংবিধানে প্রতিফলিত না হয়, তাহলে সংবিধান ও সনদ মানা হবে না।
অবশেষে আব্বাসী খতমে নবুওয়তের আন্দোলনকে “সবচেয়ে বড় জিহাদ” ও “সবচেয়ে বড় আন্দোলন” হিসেবে উল্লেখ করেন।





