হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বক্তব্যের বরাত দিয়ে ৬ আগস্ট একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে ‘জামায়াতে ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ শিরোনামে যে কটূক্তিপূর্ণ ও অসত্য মন্তব্য প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির আমির গত ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ বক্তব্য দেন ।
বুধবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, হেফাজত আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী যে অসত্য, মনগড়া ও অশোভন বক্তব্য দিয়েছেন, তা নিঃসন্দেহে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক। দেশের ইসলামী দলগুলোর মধ্যে যখন ঐক্যের প্রয়োজন সর্বাধিক, তখন এমন মন্তব্য ইসলামী ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের বক্তব্য ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং তা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করার শামিল।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়’ মর্মে যে মন্তব্য করা হয়েছে, তা আদৌ সত্য নয়। ইসলামের প্রকৃত উৎস হলো কোরআন ও সুন্নাহ। জামায়াতে ইসলামী সেই ইসলামেরই অনুসারী। ‘মওদূদীর ইসলাম’ বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই। এই ধরনের মনগড়া বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন, যা তার দায়িত্বশীলতার পরিপন্থী।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যখন দেশের ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন, ঠিক সেই সময় মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মত একজন প্রবীণ দায়িত্বশীল আলেমে দ্বীনের কাছে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না। তাই এ ধরনের অসত্য, ভিত্তিহীন ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা তার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি।





