শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এ সিদ্ধান্তের ফলে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা ঋণ মওকুফের আওতায় আসবে এবং প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হবেন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের ক্ষেত্রে সুদ-আসলসহ পুরো অর্থ মওকুফ করা হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক চাপ কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যাংকের কৃষকদের কাছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে, যা এই মওকুফের আওতায় আসবে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের ঋণের বোঝা কমবে এবং তারা আধুনিক কৃষি প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, অতীতে ১৯৯১-৯৬ মেয়াদে কৃষিঋণ মওকুফের উদাহরণ রয়েছে, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছিল।





