এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ভোট চাইতে এলে প্রার্থীদের হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।
বুধবার কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে গুম, খুন ও হত্যাসহ নানা ধরনের নিপীড়ন হয়েছে এবং সাম্প্রতিক সময়েও একই ধরনের ঘটনার অভিযোগ আসছে। এসব থেকে মুক্তি পেতে এগারোদলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা কারও দয়ার ওপর নির্ভরশীল নয় উল্লেখ করে তরুণদের সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার সমালোচনাও করেন তিনি।
এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে ভিন্ন কথা বললেও মাঠ পর্যায়ে ভিন্ন অবস্থান নিচ্ছেন। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদী হতে পারবে না এবং গণভোট ও সংস্কারের পথ সুগম হবে।
পথসভায় এনসিপির নির্বাচন কমিটির সদস্যসচিব মনিরা শারমিন বলেন, বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে। তিনি নারী হেনস্তাকারী, ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের সংসদে না পাঠানোর আহ্বান জানান।
এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ দেবীদ্বার আসনে এগারোদলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ জোটের অন্যান্য নেতারা। সভা সঞ্চালনা করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান।





