আগামীকাল অথবা পরশুর মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম জানান, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে ইউরোপীয় ইউনিয়ন বড় পরিসরে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। তাদের পর্যবেক্ষকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে ভোটের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে এনসিপির শঙ্কার কথাও তুলে ধরা হয়। নাহিদ ইসলামের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সরকারি কর্মকর্তারা বিশেষ নিরাপত্তা দিচ্ছেন, যা গণমাধ্যম ও জনমনে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে। তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা হলে ভোটের পরিবেশ আরও অনিরাপদ হয়ে উঠতে পারে।
এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, ঋণখেলাপিদের মনোনয়নও বৈধ ঘোষণা করছে ইসি।





