যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর ‘কাগজ কলমে’ যুদ্ধবিরতি চলছে। তবে ওই সময় থেকে ইসরায়েল অন্তত ১ হাজার ৩০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে ৪৩০ বার বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো এবং ৬০০ বারের বেশি বোমাবর্ষণ বা গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী অন্তত ৬৬ বার ‘ইয়েলো লাইন’-এর বাইরে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে এবং ২০০-এর বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছে। পাশাপাশি গত এক মাসে গাজা থেকে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরায়েল গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা জারি রেখেছে এবং বিভিন্ন এলাকায় বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করছে।
গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে ২০ দফা শান্তি প্রস্তাব উন্মোচন করেন। এই প্রস্তাবনায় বন্দিদের মুক্তি এবং অবরুদ্ধ গাজায় সম্পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি অন্তর্ভুক্ত ছিল।





