কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি শরিক ১৪ দলের অন্য দলগুলোকে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আহ্বান জানায়।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাশেদ খান বলেন, “নিবন্ধনের অজুহাতে ১৪ দলকে সংলাপে ডাকা উচিত হবে না। জাতীয় পার্টি এমনিতেই জনগণের কাছে প্রত্যাখ্যাত, এখন কেবল আলোচনায় থাকতে নানা মন্তব্য করছে।”
ইসিতে জমা দেওয়া লিখিত আবেদনে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে, “২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। তবে এর পরও ফ্যাসিবাদের প্রভাব পুরোপুরি শেষ হয়নি। গত এক মাস ধরে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।”
আবেদনে আরও বলা হয়, “আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের অন্যান্য দল যারা ২০২৪ সালের সাজানো নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে সেই নির্বাচনকে বৈধতা দিয়েছিল, তাদের নির্বাচন কমিশনের কোনো সংলাপে না ডাকার অনুরোধ জানাচ্ছি।”





