সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং শোক সন্তপ্ত শহীদদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে তিনি দেশের সবাইকে এই দিনে কালো ব্যাচ ধারণ করার অনুরোধ জানান। জেড আই খান পান্না বলেন, “১৫ আগস্ট জাতির এক গভীর শোকের দিন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৬ সদস্যসহ কিছু ঘনিষ্ঠজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা সবাই অন্তত কালো ব্যাচ পরিধান করে তাদের স্মরণ করি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি।” তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, যিনি পাকিস্তান সরকারের কারাগারে ১৭ বছর কাটিয়েছেন এবং স্বাধীনতার জন্য দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করেছেন। ১৫ আগস্টের স্মৃতিতে আমরা তার, বঙ্গমাতার, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের, শেখ রাসেলসহ সকল শহীদের জন্য মসজিদ, মন্দির কিংবা ঘরে বসেও প্রার্থনা করতে পারি।” জেড আই খান পান্না বলেন, “শোক প্রকাশ করতে আমাদের কাউকে নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে কবর জিয়ারত করতে হবে না। যার যার অবস্থান থেকে অন্তরের ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানালেই যথেষ্ট। যারা ‘জয় বাংলা’ ও ‘বঙ্গবন্ধু জাতির পিতা’ শ্লোগানকে বিশ্বাস করেন, তাদের প্রতি আমার আহ্বান, শুধু ১৫ আগস্ট নয়, সারাবছর তাদের জন্য দোয়া করবেন।” তিনি শেষে জানান, “আমাদের নামাজের মধ্যে একটু সময় রেখে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অন্তর্ভুক্ত করতে পারি। এই আহ্বান নিয়ে মঞ্চ ৭১ এর পক্ষ থেকে আমি, জেড আই খান পান্না, দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
সংবাদ লোড হচ্ছে...





