হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে।
রোববার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।
মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্যও খাদ্য অধিদপ্তর চাল সরবরাহ করছে। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ খাতে ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭ দশমিক ৯৩ লাখ টন চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ।





