ভারতের পাঞ্জাব রাজ্য বর্তমানে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও বন্যার কবলে পড়ে চরম দুর্যোগের মধ্যে দিন পার করছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো মানুষ—তাদের জীবনযাত্রা থেকে শুরু করে সম্পত্তি, সবকিছুতেই পড়েছে ভয়াবহ প্রভাব।

এমন পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিনোদন জগতের বহু তারকা। সালমান খানের পর এবার কিং খান খ্যাত শাহরুখ খানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাঞ্জাবের বানভাসি মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন তিনি।

শাহরুখ খানের ‘মীর ফাউন্ডেশন’ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সমন্বয় করে দুর্গতদের জন্য পাঠিয়েছে প্রয়োজনীয় নানা সামগ্রী। এর মধ্যে রয়েছে—ওষুধ, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা রক্ষার জিনিসপত্র, খাবার, মশারি, ত্রিপল, চাদর, বিছানা, গদি এবং আরও অনেক প্রয়োজনীয় সরঞ্জাম।

এই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে পাঞ্জাবের অমৃতসর, পাতিয়ালা, ফিরোজপুরসহ অন্তত ১৫০০ পরিবারের কাছে। শাহরুখ খানের এই উদ্যোগের পেছনে উদ্দেশ্য একটাই—এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো, তাদের একটু স্বস্তি, নিরাপত্তা ও আশ্রয় নিশ্চিত করা।

এদিকে, শুধু শাহরুখ খানই নন, আরও অনেক বলিউড ও পাঞ্জাবি তারকাও এগিয়ে এসেছেন এই দুর্যোগে সহায়তার জন্য। তাদের মধ্যে রয়েছেন সোনু সুদ, দিলজিৎ দোসাঞ্জ, শেহনাজ গিল, হরভজন সিংসহ অনেকেই। সালমান খানের 'বিং হিউম্যান' ফাউন্ডেশন ইতোমধ্যে পাঁচটি রেসকিউ বোট পাঞ্জাবে পাঠিয়েছে উদ্ধার কাজে ব্যবহারের জন্য।

তারকাদের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন পাঞ্জাবের বানভাসি মানুষজন।