দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান এবং ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।


\r\n

এ বছর সারা দেশে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


\r\n

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে—

\r\n

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ করে এবং সময় ৩ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ করে নম্বরের পরীক্ষা হবে, প্রতিটি বিষয়ের জন্য সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। সব পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।


\r\n

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় তথ্য লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে ওই রেজিস্টার জমা দিতে হবে।


\r\n

পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।


\r\n

কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে বহন করতে পারবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত আটটি নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর অথবা সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলের বাইরে কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।


\r\n

পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগে কোনো উত্তরপত্র জমা নেওয়া হবে না। জরুরি প্রাকৃতিক প্রয়োজন ছাড়া পরীক্ষার্থীদের কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ইনভিজিলেটর উত্তরপত্র সংগ্রহের আগে কোনো পরীক্ষার্থী আসন ত্যাগ করতে পারবে না।


\r\n

পরীক্ষার্থীদের হাজিরা খাতায় স্বাক্ষর করা বাধ্যতামূলক। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই উত্তরপত্র সংগ্রহ করা হবে।