কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) করতে হবে। অন্যথায়, দৈবচয়ন ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেওয়া হবে—এমন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়,
“নিজের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমসমূহ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার অথবা মালিকানা পরিবর্তন করুন।”
বিটিআরসি আরও জানায়, একজন গ্রাহকের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে হলে ১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ ৪টি ডিজিট পাঠিয়ে তথ্য জেনে নেওয়া যাবে।
সতর্কতা:
বিটিআরসি জানিয়েছে, যদি কোনো গ্রাহক নিজের অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন নিজ উদ্যোগে দৈবচয়ন ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো বাতিল করে দেবে।





