খুলনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একসময় একপাক্ষিক ষড়যন্ত্র চললেও বর্তমানে তা রূপ নিয়েছে নতুন আকারে—রাজনীতির স্বাভাবিক যাত্রাপথে পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে।
\r\nবৃহস্পতিবার (২২ মে) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
\r\nগয়েশ্বর বলেন, “১৭ বছরের একপাক্ষিক ষড়যন্ত্র ছিল ক্ষমতায় থাকার ষড়যন্ত্র, কিন্তু এখন চলছে নতুন ষড়যন্ত্র—গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার ষড়যন্ত্র।”
\r\nপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আপনার চালাকি দেশের মানুষ বোঝে, শুধু আপনি বোঝেন না। জনগণের অধিকার ফিরিয়ে দিন, নন্দিত হয়ে বিদায় নিন—নিন্দিত হয়ে নয়।”
\r\nএ সময় এনসিপি নেতাদের উদ্দেশেও গয়েশ্বর আহ্বান জানান, “বিবেক দিয়ে বাস্তবতা অনুধাবন করুন। জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন।”
\r\nদাবি আদায়ে বিএনপির প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “সরকার যদি জনগণের দাবিতে কর্ণপাত না করে, তাহলে আমরা লাখো মানুষ নিয়ে রাজপথে দাঁড়াব। যেমন নিষিদ্ধ এলাকায় দাঁড়িয়ে দাবি আদায় করে এসেছি, এবারও প্রস্তুত রয়েছি। তখন আপনাদের পালানোর জায়গা থাকবে না।”
\r\nঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের ১০ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
\r\nঅনুষ্ঠানে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় পাঁচ তরুণ সদস্যের ফরম পূরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। নেতারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।





