শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এ দেশের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। এই হত্যাযজ্ঞ জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জাগ্রত রাখা এবং তাদের আদর্শ লালন করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অ্যাকাডেমিক ভবন-৩-এ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।





