প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন। এ সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।


সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়।


সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।


এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।


পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠ-এ আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।


দুপুরের পর তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং জিয়াউর রহমান-এর পৈতৃক ভিটায় সময় কাটাবেন।


বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তার এ সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।