ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিল ২০২৫ সাল। নতুন বছরের শুরুতেই ক্রীড়াপ্রেমীদের জন্য আছে অসংখ্য বড় ইভেন্ট। বিশেষ করে ফিফা বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকবে। পাশাপাশি বছরজুড়ে হবে আইসিসি ও ফিফার বিভিন্ন প্রতিযোগিতা, প্যারা অলিম্পিকস ও এশিয়ান গেমস। চলুন বছরের বড় ইভেন্টগুলো এক নজরে দেখি।
আফ্রিকান কাপ অব নেশনস:
২০২৬ সালের শুরুতে আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকান কাপ অব নেশনস দর্শকদের জন্য। প্রতিযোগিতা ২১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ:
১৫ জানুয়ারি থেকে শুরু হবে ক্রিকেটের ছোটদের বিশ্বকাপ, যা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে আছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে।
অস্ট্রেলিয়ান ওপেন ও শীতকালীন অলিম্পিক:
১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেন। এরপর ৬ ফেব্রুয়ারি থেকে ইতালিতে বসবে শীতকালীন অলিম্পিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ (পুরুষ):
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে।
এএফসি চ্যাম্পিয়নশিপ কাপ (নারী):
১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত আয়োজিত হবে নারীদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে আছে।
ফিনালিসিমা ও শীতকালীন প্যারা অলিম্পিক:
কোপা আমেরিকা ও ইউরোপীয় চ্যাম্পিয়নের মধ্যে লড়াই ফিনালিসিমা হবে ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে। এর আগে ৬-১৫ মার্চ শীতকালীন প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে।
ফ্রেঞ্চ ওপেন ও উয়েফা ফাইনাল:
২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিত হবে টেনিসের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। মে মাসে তিনটি উয়েফা ফাইনালও অনুষ্ঠিত হবে—২০ মে ইউরোপা লিগ, ২৭ মে কনফারেন্স লিগ এবং ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ।
ফিফা ফুটবল বিশ্বকাপ:
১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, যা প্রথমবারের মতো তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ:
১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
উইম্বলডন ও ইউএস ওপেন:
২৯ জুন থেকে ১২ জুলাই উইম্বলডন, ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ইউএস ওপেন।
যুব ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান গেমস:
৫-২৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ, ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এশিয়ান গেমস। অক্টোবর-নভেম্বরের মধ্যে অনূর্ধ্ব-১৭ নারী ও ছেলেদের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।





