ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিলেন—২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তাঁর শেষ আসর। আগামী বছর বয়স হবে ৪১, সেই বয়সেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মাঠে নামতে যাচ্ছেন এই পর্তুগিজ তারকা।
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে সৌদি আরবে অনুষ্ঠিত ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে রোনালদো বলেন, “অবশ্যই এটা হবে আমার শেষ বিশ্বকাপ। কারণ তখন আমার বয়স হবে ৪১।”
সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন শিগগিরই ফুটবল ছাড়ার কথা। এবার তিনি তা আরও স্পষ্ট করে বললেন, “শিগগির বলতে আমি এক-দুই বছরের মধ্যেই বলেছি।”
২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাইপর্বে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছে পর্তুগাল। শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে মাত্র দুই পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হবে।
এ পর্যন্ত বাছাইপর্বে চার ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪৩—পুরুষ ফুটবলে যা বিশ্ব রেকর্ড।
বিদায়ের কথা বললেও রোনালদো জানালেন, এখনো ফুটবলকে আগের মতোই উপভোগ করছেন। “এই মুহূর্তে দারুণ লাগছে। গোল করছি, নিজেকে এখনো দ্রুত ও ফিট মনে হয়। জাতীয় দলে খেলা এখনো অনেক উপভোগ করছি,” বলেন তিনি।
ক্যারিয়ারের শেষ নিয়ে রোনালদোর ভাবনা, “আমি ফুটবলের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। ২৫ বছর ধরে খেলছি, অনেক রেকর্ড করেছি। এখন শুধু চাই এই সময়টা উপভোগ করতে।”
রোনালদোর মতোই তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছেন। দুজনেরই শেষ বিশ্বকাপ হতে পারে এটি।





