ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০ জনে। একই সময়ে নতুন করে ৩৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১২ জন রোগী। এর বাইরে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৮ জন, ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ১৬ জন, রাজশাহীতে ১৬ জন, ময়মনসিংহে ১০ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এ বছর এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৩০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।