দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যাননি।
রোববার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ।
নতুন শনাক্ত ১৩ জনসহ চলতি বছরে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫২১ জন। এ বছর মৃত্যুর সংখ্যা ২২ জন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ।





