দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৮৮ জন শিশুর মধ্যে ভাইরাসজনিত এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।


শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে সন্দেহভাজন হাম বা এর উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে।


এ সময়ে দেশে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৭ হাজার ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।


বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জন শিশুর মধ্যে সন্দেহভাজন হাম বা এর উপসর্গ দেখা গেছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৬৬ জন, বরিশাল বিভাগে ৯০৮ জন, সিলেট বিভাগে ৬৪৪ জন, রংপুর বিভাগে ৫৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৪৮ জন শিশুর মধ্যে এই উপসর্গ পাওয়া গেছে।