বরগুনা প্রতিনিধিঃ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বরগুনায় উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
উপস্থিত ছিলেন নেজারত শাখার ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রন্জুয়ারা সিপু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইউসুফ আলী মৃধাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক নির্মম গণহত্যার স্মৃতি বহন করে। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত সভায় দিবস দু’টি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপ-কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





