ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এ কর্মসূচি শুরু হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহাসমাবেশ সফল করতে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা একটি সমন্বয় সভা করেন। দলীয় সূত্রে জানা গেছে, এ সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নের বেশি নেতাকর্মী অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল পর্যায়েও প্রস্তুতি শুরু হয়েছে।
\r\n\r\n\r\n
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করা জরুরি। এসব দাবি বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।





