জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দেশের ৩০০টি আসনের জন্য এ পর্যন্ত ১৪৮৪ মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশের ১০টি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের আলাদা আলাদা করে ধাপে ধাপে মতবিনিময় সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই মতবিনিময় সভা দুই দিনব্যাপী হবে এবং আগামী ২৪ নভেম্বর শেষ হবে।
মতবিনিময় সভায় মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে সংযোগের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এনসিপি এই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করার প্রাথমিক ধাপ সম্পন্ন করবে। দল আশা করছে, স্বচ্ছ ও নীতিনিষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় যোগ্য নেতৃত্ব নির্বাচন সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল বিভাগের সাংগঠনকী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।





