ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা তার সঙ্গে একমত এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে হবে, যেমন—জুলাই সনদ। এটি বাস্তবায়ন না হলে একমতের কোনো অর্থ নেই।”

জাতিসংঘে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা চমৎকার। বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হলে তিনি নিঃসন্দেহে গোল্ডমেডেল পেতেন। প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান মূল রাজনৈতিক দলগুলোর স্টেকহোল্ডারদের সঙ্গে সফরসঙ্গী করেছেন—এটি ব্যতিক্রম এবং আমরা তার উদ্যোগকে স্বাগত জানিয়েছি।”

proportional representation (পিআর) নিয়ে তিনি জানান, “৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। কেউ উচ্চ কক্ষে পিআরের পক্ষে, কেউ উভয় কক্ষে। এ কারণেই আমরা পিআর চাই।”

তাহের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বলেন, “ইফ, বাট—এগুলো রাজনীতিতে নেই। আমরা আমাদের দাবি করছি। আশা করি সরকার এটি মানবে। জনগণের স্বার্থে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেব।”

এসময় জামায়াতের নেতা নকিবুর রহমান তারেকও উপস্থিত ছিলেন।