চোট কাটিয়ে ফিরলেন লিওনেল মেসি, ফিরেই করলেন গোল ও অ্যাসিস্ট—আর তাতেই ইন্টার মিয়ামি ফিরল জয়ের ধারায়। মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ৪৫ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

চলতি মাসের শুরুতে নেক্সাকার বিপক্ষে ম্যাচে ১১ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর কয়েক ম্যাচ বিশ্রামে ছিলেন। তবে তার ফেরার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। সেই প্রত্যাবর্তনটাই হয়ে উঠল ঝলমলে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৩ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন জর্দি আলবা। বিরতির পরই মাঠে নামেন মেসি, তেলাসকো সেগোভিয়ার জায়গায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্যালাক্সি ম্যাচে ফিরে আসে—৫৯ মিনিটে জোসেফ পেইন্টসিলের গোলে সমতা ফেরায় তারা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই জ্বলে উঠলেন মেসি। ৮৪ মিনিটে রদ্রিগো দে পলের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি, এনে দেন লিড। এরপর ৮৯ মিনিটে আরও একবার মাঠে ছড়ালেন জাদু। আবারও বল দে পলের কাছ থেকে—ব্যাকহিল করে বল বাড়িয়ে দেন বক্সে ঢুকে পড়া লুইস সুয়ারেজের উদ্দেশে। গোলরক্ষকের একেবারে সামনে পেয়েই সহজেই বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার।

এই জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তারা পিছিয়ে ৬ পয়েন্টে, তবে হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ।

চলতি মৌসুমে মেসি দুর্দান্ত ফর্মে আছেন। এখন পর্যন্ত ১৯ ম্যাচে করেছেন ১৯ গোল, করিয়েছেন আরও ১০টি।

এই ম্যাচের পর মিয়ামির নজর এখন লিগস কাপে। ২১ আগস্ট কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে মেক্সিকান ক্লাব টাইগার্স উয়ানলের।