যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যৌথ হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাঁচটি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অভিযুক্ত দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক চিঠিতে বিষয়টি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের চলমান সভাপতির কাছে তুলে ধরা হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

চিঠিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর মূল্যায়ন অনুযায়ী, উল্লিখিত দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। এসব তথ্য আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

ইরানের প্রতিনিধি অভিযোগ করেন, সংশ্লিষ্ট দেশগুলো আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে এবং কিছু ক্ষেত্রে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

তিনি আরও বলেন, ইরানের ওপর চালানো হামলায় যে বস্তুগত ও নৈতিক ক্ষতি হয়েছে, তার জন্য ওই দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, যাতে হতাহতের ঘটনা ঘটে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

পরিস্থিতি উত্তপ্ত থাকলেও গত সপ্তাহে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সমঝোতা হয়নি।