বলিউডের কিংবদন্তি ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবীণ অভিনেতা, যিনি রুপালি পর্দায় ছয় দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা, হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ধর্মেন্দ্র। প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল মাত্র ৫১ রুপি। এরপর তিনি ‘শোলে’, ‘প্রতিজ্ঞা’, ‘সীতা অর গীতা’, ‘ধরমবীর’সহ বহু সুপারহিট ছবিতে অভিনয় করে কোটি মানুষের হৃদয় জয় করেন।

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও ছিলেন সফল। ভারতীয় মিডিয়ার বরাতে জানা গেছে, ধর্মেন্দ্রের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০০ কোটি রুপি। মুম্বাইয়ের লোনাভালায় তার ১০০ একরের বিলাসবহুল ফার্মহাউস রয়েছে, যেখানে সুইমিং পুল, থেরাপি এরিয়া, বাগানসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

মুম্বাইয়ের জুহু এবং মহারাষ্ট্রে তার আরও একাধিক সম্পত্তি রয়েছে, যার মূল্য প্রায় ১৭ কোটি রুপি। এছাড়া রেস্তোরাঁ ব্যবসায়ও ছিল তার নাম, কর্ণাল হাইওয়েতে ‘গরম ধরম ধাবা’ ও ‘হি-ম্যান রেস্তোরাঁ’-এর মালিক ছিলেন তিনি। ভারতের বিভিন্ন শহরে ‘গরম ধরম’ শাখার মাধ্যমে উপার্জনও করতেন।

১৯৮৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা বিজেতা ফিল্মস, যার ব্যানারে বহু সিনেমা নির্মিত হয়েছে। বিজ্ঞাপন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও কমার্শিয়াল শ্যুট থেকেও আয় করতেন উল্লেখযোগ্য পরিমাণে।