ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য এটি একেবারেই ভুলে যাওয়ার মতো একটি রাত। রোববার রাতে ঘরোয়া লিগে ভাস্কো দা গামার কাছে সান্তোস ৬-০ গোলে বিধ্বস্ত হয়—যা নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ও লজ্জাজনক হার হিসেবে রেকর্ডে ঠাঁই পেয়েছে।
ম্যাচ শেষ হতেই চোখের জল ধরে রাখতে পারেননি নেইমার। মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সতীর্থ ও ক্লাব কর্মকর্তারা সান্ত্বনা দিলেও চোখের পানি যেন থামছিল না ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় নেইমার বলেন,
“আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্স ছিল পুরোপুরি হতাশাজনক। সমর্থকদের ক্ষোভ প্রকাশের অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া। তারা গালি দিক বা সমালোচনা করুক—তারা তা করতেই পারে।”
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন,
“এটা চরম লজ্জার অনুভূতি। আমার জীবনে এমন কিছু কখনও হয়নি। দুর্ভাগ্যবশত আজ হলো। এই কান্না শুধু কষ্ট থেকে নয়, বরং রাগ, হতাশা এবং নিজের অসহায়ত্ব থেকেও। সবকিছু মিলে এটা ছিল একটি ভয়ংকর অভিজ্ঞতা।”
নেইমারকে দলে পেয়েও এত বড় ব্যবধানে হারের পর হতাশা প্রকাশ করেছেন সান্তোস সমর্থকেরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।
ম্যাচের পরপরই এই বাজে পারফরম্যান্সের দায় কাঁধে নিয়ে প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তাকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাবটি।
সাম্প্রতিক সময়ে ইনজুরি থেকে ফিরেই মাঠে নামা নেইমারের জন্য এই হার শুধু একটি ম্যাচ নয়, বরং মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো ঘটনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়—এই ধাক্কা কাটিয়ে কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন তিনি ও সান্তোস।





