হলিউড ডেস্ক: গোল্ডেন গ্লোবজয়ী মার্কিন অভিনেতা কেলসি গ্রামার ৭০ বছর বয়সে আবারও পিতৃত্বের স্বাদ পেলেন। চতুর্থ স্ত্রী কেট ওয়াশের গর্ভে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। নবজাতকের নাম রাখা হয়েছে ক্রিস্টোফার। এ নিয়ে গ্রামারের মোট সন্তান সংখ্যা দাঁড়াল আটজনে ।
এই খবর ছড়িয়ে পড়তেই হলিউডজুড়ে শুরু হয়েছে আলোচনা। সামাজিক মাধ্যমে অনেকে মজার ছলে লিখেছেন, “কেলসি অভিনয়ে যেমন চমক দেখান, জীবনের প্রতিটি অধ্যায়েও তেমনই অবাক করে দেন।”
কেলসি ও কেট ওয়াশের দাম্পত্য জীবন শুরু হয় ২০১১ সালে। এই দম্পতির আরও তিন সন্তান রয়েছে-ফেইথ (১২), গ্যাব্রিয়েল (১০) ও জেমস (৮)। এর আগে কেলসি তিনটি বিয়ে করেছেন।
প্রথম স্ত্রী ডোরিন অল্ডারম্যানের সঙ্গে তার কন্যা স্পেন্সার,
দ্বিতীয় স্ত্রী ব্যারি বাকনারের সঙ্গে গ্রিয়ার,
তৃতীয় স্ত্রী ক্যামিল ডোনাটাচির সঙ্গে দুই সন্তান ম্যাসন ও জুড।
১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের সেন্ট থমাসে জন্মগ্রহণ করেন কেলসি গ্রামার। আশির দশকের শুরুতে অভিনয় জগতে প্রবেশ করে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
টেলিভিশন সিরিজ ‘ফ্রেজার’-এ ডা. ফ্রেজিয়ার ক্রেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান এই অভিনেতা। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন ছয়টি এমি অ্যাওয়ার্ড, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড এবং একটি টনি অ্যাওয়ার্ড (প্রযোজক হিসেবে)।
সত্তর বছর বয়সেও নতুন পিতৃত্বের আনন্দে ভাসছেন কেলসি গ্রামার। বয়সকে হার মানানো এই তারকার জীবন যেন প্রমাণ করছে-স্বপ্ন দেখা ও নতুন অধ্যায় শুরু করার কোনো বয়স নেই।





