ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রায় তিন দশক পর প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড তারকা শাহরুখ খান। ‘জাওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। মঞ্চে উঠেই দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন শাহরুখ, যা মুহূর্তেই অনুষ্ঠানস্থলকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।

একই বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত ম্যাসি। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের কাহিনি অবলম্বনে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে একজন ভারতীয় মায়ের সংগ্রামী চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি এ সম্মাননা পান। ছবিটি নরওয়েতে সন্তানদের হেফাজতের অধিকার ফিরিয়ে আনার আইনি লড়াইয়ের সত্য কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত।