শেরপুর প্রতিনিধি: কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (২১ ডিসেম্বর) সকালে তারা তৃতীয় দিনের মতো এই কর্মসূচি চালিয়ে যান।


এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এর ফলে বোর্ড ফাইনাল পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশ নেননি। দুই দিনের সরকারি ছুটির পর রোববার সকালেও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সারাদেশের ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান ফটকে তালা ঝুলিয়ে একই কর্মসূচি পালন করা হচ্ছে।


শিক্ষার্থীরা জানান, গত নয় মাস ধরে তাদের দাবিগুলো সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। শিক্ষা সচিবের আশ্বাসে একাধিকবার আন্দোলন স্থগিত করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তাদের দাবি অনুযায়ী লিখিত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তারা।


শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও প্রজ্ঞাপন জারি করা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন।


এছাড়া ডিপ্লোমা কৃষি শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আলাদা প্রতিষ্ঠান গঠন, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থার দাবিও জানান তারা।