ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ পর্যন্ত এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। ৬ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে ফরম বিক্রি শুরু হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “চিকিৎসক, শিক্ষক, আলেমসহ সব শ্রেণি-পেশার মানুষ ফরম নিচ্ছেন। মানুষের আগ্রহ দেখেই ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্য এখন ৩ হাজার ফরম বিক্রি করা।”
এদিকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বে শেষ সময় ছিল ১৩ নভেম্বর।
দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা যুগান্তরকে বলেন, “আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা হচ্ছে। শীর্ষ নেতাদের অনেকে ফরম কিনছেন। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে সমর্থকসহ মনোনয়নপ্রত্যাশীরা কার্যালয়ে আসছেন।”
প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা, তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।





