যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী দুই দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা জানান।

ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বড় কোনো অগ্রগতি হতে পারে। আলোচনার স্থান হিসেবে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।

এই মন্তব্য এমন সময় এলো যখন এর আগে ইসলামাবাদে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ উভয় পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। তবে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশ একে অপরকে দায়ী করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেয় ইরান।

তবে ইরানের পক্ষ থেকে নতুন করে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে বার্তা বিনিময় চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি।

সব মিলিয়ে, আলোচনা ফের শুরু হলে তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।