কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, “আমাদের নিয়ে অনেকে বলে আমরা ‘মোল্লা’ বা ‘চাঁদাবাজ’। দুই বিষের এক বিষ! কিন্তু জিয়াউর রহমানের দল এসব নয়। তার দল প্রগ্রেসিভ—সব সময় আধুনিক চিন্তার পক্ষের।”
সোমবার (৮ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর চর্থা এলাকায় বিএনপিপন্থী সংগঠন ‘বিবেক’ টিমের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ বলেন, “২০০১ থেকে ২০০৬ সালের কিছু রাজনৈতিক ঝামেলার কারণে আমরা ভুগেছি। কিন্তু এখন আমরা আশাবাদী, ভবিষ্যতে এমন কিছু আর হবে না।”
বাংলাদেশের সংগীত জগতের আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে আসিফ বলেন, “আমরা যারা ৯০ দশকের সংগীত নিয়ে গর্ব করি—রেনেসাঁ, ফিডব্যাক, এলআরবি, মাইলস, ওয়ারফেজ—তাদের পথচলার পেছনে জিয়ার উৎসাহ ছিল। তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে শিল্পীদের ডেকে বলেছিলেন, ‘দেশের মিউজিক আধুনিক করতে কী কী প্রয়োজন?’ তখন শিল্পীরা বলেছিলেন—বিদেশি বাদ্যযন্ত্রে শুল্ক বেশি, আমদানি করতে পারি না। তখন জিয়া শুল্ক প্রত্যাহার করেন, যার মাধ্যমে শুরু হয় সংগীতের আধুনিকায়ন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, কৃষিপুরস্কার—সব জাতীয় স্বীকৃতি চালু করেছিলেন শহীদ জিয়া। সেগুলো আওয়ামী লীগের সময় আসেনি। আমাদের উচিত এই অর্জনগুলো তুলে ধরা।”
মতবিনিময় সভায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ‘বিবেক’ টিমের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আসিফ আকবর এ সময় বিবেক অফিসও পরিদর্শন করেন।
জনপ্রিয় এই গায়ক বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আধুনিকতা ফিরিয়ে আনতে হবে। জিয়াউর রহমান যে প্রগতিশীলতার ভিত্তি তৈরি করেছিলেন, তা আবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা দরকার।”





