বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভারতের দালালপন্থী কিছু দলের কারণে দেশের দুই প্রধান দল আজ ধ্বংসের মুখে। নিজের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়ন করতে হবে; অন্যের দালালি করে এগোবার পথ নেই।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান আরও বলেন, দেশের মানুষ তিনটি দলের শাসনের সময় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের চিত্র দেখেছে। তাই মানুষ শান্তিপূর্ণ জীবন চায়। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস ও দুর্নীতি থাকবে না।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের মানুষের কাছে ভোটের জন্য আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, জামায়াত যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. লুৎফর রহমান এবং কমিটির অন্যান্য সদস্য জুবায়ের মাহমুদ নাসিম প্রমুখ।





