ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে শান্ত মেজাজের জন্য পরিচিত। তবে তার সেই ঠান্ডা মাথার ভাবও মাঝে মাঝে ভেঙেছে। চেন্নাই সুপার কিংসের সাবেক পেসার মোহিত শর্মা সম্প্রতি এমনই এক ঘটনার স্মৃতি শেয়ার করেছেন।

মোহিত জানান, ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ধোনি তার ওপর রীতিমতো ক্ষিপ্ত হয়েছিলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, \"মাহি ভাই সাধারণত রাগ দেখান না। তবে ওই ম্যাচে তিনি ইশ্বর পাণ্ডেকে ডাকছিলেন বল করার জন্য। আমি ভুল বুঝে রান-আপ শুরু করি। যেহেতু থামা সম্ভব ছিল না, আম্পায়ার আমাকে বল করতে বলেন। তখনই মাহি ভাই রেগে গিয়ে আমাকে কিছু কথা শোনান।\"

তিনি আরও যোগ করেন, \"প্রথম বলেই আমি ইউসুফ পাঠানকে আউট করি। কিন্তু উদযাপনের সময়ও মাহি ভাই তখনো গালাগাল দিচ্ছিলেন (হাসি)।\"

মোহিত বলেন, ধোনির রাগ বিরল হলেও তা তরুণ খেলোয়াড়দের জন্য ভীতিকর হতে পারে। \"মাহি ভাইয়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। খুবই ঠান্ডা মাথার মানুষ। তবে রেগে গেলে সেটা বিশ্বাস করা কঠিন হয়ে যায়,\" মন্তব্য করেন তিনি।

চেন্নাইয়ের হয়ে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত খেলা মোহিত শর্মা ধোনির নেতৃত্বে বিশ্বকাপেও খেলেছেন। আইপিএলে এখন পর্যন্ত ১২০ ম্যাচে ১৩৪ উইকেট নিয়েছেন তিনি।