জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ ঘোষণা দেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন,
“আমরা শাপলা কলি প্রতীক গ্রহণ করছি। যদিও শাপলা প্রতীক নিয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের কিছু স্বেচ্ছাচারী আচরণ থাকলেও আমরা প্রতীকের বিষয়ে আর জটিলতায় যেতে চাই না। বৃহত্তর স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি জানান, ‘শাপলা কলি’ প্রতীককে ঘিরে দেশজুড়ে ইতিবাচক সাড়া পেয়েছে এনসিপি।
তার ভাষায়,
“দেশবাসী শাপলা কলিকে ভালোভাবে গ্রহণ করেছে। এটি শাপলার চেয়ে একধাপ এগিয়ে—এতে শাপলাও আছে, কলিও আছে। নির্বাচন কমিশনও বিষয়টি নিয়ে আমাদের চিন্তার বাইরে গিয়ে নতুনভাবে ভাবনা যুক্ত করেছে।”
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন,
“আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেশের যেকোনো প্রান্তের আগ্রহী ব্যক্তি যদি প্রার্থী হতে চান, আমরা তা গুরুত্বসহকারে বিবেচনা করব।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান—দ্রুত সময়ের মধ্যে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।
সিইসির সঙ্গে বৈঠকে নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।





