জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন অংশগ্রহণের জন্য নিবন্ধন সনদ পেয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই সনদ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
সনদ গ্রহণের আগে নাহিদ ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীকে সাধুবাদ জানান এবং আদালতের শরণাপন্ন হয়ে এটি বাতিল করার চেষ্টা তীব্রভাবে নিন্দা জানান।
নাহিদ জানান, নিবন্ধনের পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি বলেন, “অনেক চড়াই-উৎরাই পার হওয়ার পরে অবশেষে আমাদের দল প্রতীক বরাদ্দ পেয়েছে।”
এনসিপি এবার নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে। নাহিদ আরও বলেন, প্রতিটি দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত। কোনো বিশেষ দল সরকারের বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব ব্যবহার করে একাধিক মার্কায় নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করছে এবং আদালতের মাধ্যমে সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করছে। এনসিপি নির্বাচন কমিশনকে এ বিষয়ে শক্ত অবস্থান বজায় রাখতে বলেছে।
এছাড়া, নাহিদ নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রার্থীর হলফনামা যাচাই ও অর্থব্যয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কঠোর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যারা কালো টাকা ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”





