জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমী গত এক মাস ধরে আওয়ামী লীগের ধারাবাহিক সাইবার হুমকি ও বুলিংয়ের শিকার ছিলেন। দলটির যুগ্ম সদস্য সচিব হাফেজ তারেক রেজা অভিযোগ করেছেন, এ বিষয়ে প্রশাসনের কোনো সহায়তা পাওয়া যায়নি। বৃহস্পতিবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বেলা ১১টার পরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রেজা লিখেছেন, “কিভাবে লিখব বুঝতে পারছি না, আমার হাত কাঁপছে। মনে রাখবেন, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ একটি জেন-জি নারীকে পিটিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই নারী এক মাস ধরে আওয়ামী লীগের সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকিতে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার নাম জান্নাত আক্তার রুমী, যুগ্ম সমন্বয়কারী, এনসিপি ধানমন্ডি থানা।”
তিনি আরও উল্লেখ করেছেন, ধানমন্ডির স্থানীয় নেতারা গত এক মাসে যতটা সম্ভব তার পাশে থাকার চেষ্টা করেছেন। তবে সাইবার হুমকি ও ফোনকলের মাধ্যমে সারাদিন হুমকি আসার পরও প্রশাসনের কোনো সাহায্য পাওয়া যায়নি। তারেক রেজা দাবি করেছেন, “আমরা এটাকে আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটি খুন। যারা আমার বোনের জীবন নষ্ট করেছে, তাদের আমরা শান্তিতে বসতে দেব না। আমার বোনের রক্তের কসম।”
এর আগে, বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানার জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।





