ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ হলেও দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান জানায়, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান লেখেন, “যদি মার্কিন সরকার তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ তৈরি হতে পারে।”
তিনি আরও জানান, ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হলেও কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো বন্ধ হয়নি। আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্যদেরও তিনি ধন্যবাদ জানান।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে। গত ফেব্রুয়ারিতে টানা কয়েক দফা সংলাপ হলেও সেগুলোও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।
পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং সামরিক উত্তেজনার মধ্যেই উভয় পক্ষ যুদ্ধবিরতির পথে যায় বলে বিভিন্ন সূত্র জানায়।
সবশেষ ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পরও কূটনৈতিক সমাধানের আশা এখনো পুরোপুরি শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।





