জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তিনি এখনও কোনোভাবেই তথাকথিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেননি। শনিবার রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘না’ ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি ‘হ্যাঁ’ ভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না। বরং পুরো প্রক্রিয়াটিকে সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী হিসেবে উল্লেখ করেন তিনি।


\r\n

জিএম কাদের রংপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চান। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “এই তথাকথিত ‘হ্যাঁ’ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না।”


\r\n

তিনি আরও বলেন, “দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর না ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।”


\r\n

নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, “দেশের মানুষ এখন ১২ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনে জনগণের রায়ই চূড়ান্ত। কোনো ষড়যন্ত্র, চাপ বা কৃত্রিম আয়োজনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না।”


\r\n

প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানায়, রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী।