ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারপ্রধান হওয়ার প্রস্তাব ২০২৪ সালের ৪ আগস্ট দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল–১-এ ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের এই ট্রাইব্যুনালে সকাল সোয়া ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত তার সাক্ষ্যগ্রহণ হয়।
নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট সংবাদ সম্মেলনে রাজনৈতিক বন্দিদের মুক্তি ও অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছিল। সেনাশাসন বা সেনা-সমর্থিত সরকার মেনে নেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।
তার অভিযোগ, আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি করার নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র কর্মীরাও হামলায় অংশ নেয়। এসব হত্যাকাণ্ডের জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের দায়ী করেন।
জবানবন্দিতে নাহিদ আরও বলেন, ৪ আগস্ট শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ৬ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে সরকার কারফিউ ও দমন–পীড়নের প্রস্তুতি নিচ্ছে জেনে সেটি এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারণ করা হয়। ওই সময় নাগরিক সমাজ ও ছাত্র সংগঠনের সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবে ড. ইউনূসের সঙ্গেও আলোচনা করা হয় এবং তাকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর আংশিক জবানবন্দি দেন নাহিদ ইসলাম। সেটি শেষ না হওয়ায় বৃহস্পতিবার আবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।





