টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের ৩০ জন মনোনীতের তালিকায় জায়গা পাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন পুরস্কার আয়োজনকারী প্রতিষ্ঠান ‘ফ্রান্স ফুটবল’কে, যাদের কাজের প্রতি নিজের আস্থা হারিয়েছেন এই ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।
\r\nগতকাল পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে জয়ী হয়েছে রোনালদোর দল আল নাসর, যেখানে তিনি হ্যাটট্রিক করেছেন। ম্যাচ শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “ব্যালন ডি’অর আমার কাছে মনগড়া লাগে।” অর্থাৎ, তিনি মনে করেন পুরস্কারটি বিশ্বাসযোগ্য নয়।
\r\nরোনালদোর এই সমালোচনা নতুন নয়। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রিকে পুরস্কার জেতায় অবাক হয়েছিলেন তিনি। আর ভিনিসিয়ুস জুনিয়রকে পুরস্কার না পাওয়া নিয়ে বলেছিলেন, “কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের হওয়া উচিত ছিল।”
\r\nএবার দীর্ঘ ২২ বছর পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায় নেই রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিওও।
\r\nতবু ২০২৪-২৫ মৌসুম রোনালদোর জন্য মোটেই খারাপ ছিল না। ক্লাবের হয়ে করেছেন ৩৫ গোল এবং দেশের হয়ে করেছেন ৮ গোল, পাশাপাশি জিতেছেন নেশনস লিগ।
\r\nআগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
\r\nরোনালদোর মন্তব্য ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।





