জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ আজ সোমবার (২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে। সংলাপের উদ্বোধন করেন কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

\r\n

সংলাপ উদ্বোধনের বক্তব্যে ড. ইউনূস জানান, সংলাপের আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অনেকগুলো ইস্যুতে ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছে। তিনি বলেন, “যতগুলো সুপারিশ ও ইস্যু রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটিতে আমরা একমত হয়েছি। লক্ষ্য হলো—এই ঐকমত্যগুলো নিয়ে ‘জুলাই সনদ’ তৈরি করা।”

\r\n

তিনি আরও বলেন, “আরেকটু এগোলে ঐকমত্যের তালিকায় নতুন সুপারিশ যুক্ত হবে। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, একটি জাতীয় সনদ গঠন, যাতে দেশের সব রাজনৈতিক দলের ঐক্য প্রতিফলিত হয়।”

\r\n

প্রধান উপদেষ্টা প্রথম ধাপের আলোচনার অগ্রগতি তুলে ধরে বলেন, “প্রথম পর্বে যেসব তফাৎ ছিল, এখন তা অনেকটাই ঘুচেছে। এখন সেই জায়গা থেকে আমরা একধাপ এগিয়ে আরও কিছু ঐকমত্য গড়তে চাই।”

\r\n

তিনি বলেন, “আমরা যেন বিভক্তির রাজনীতি নয়, বরং ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারি—এটাই আমাদের লক্ষ্য। দেশের মঙ্গল ও উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, এটাই আমাদের অঙ্গীকার।”

\r\n

সভায় অংশ নিতে পেরে নিজেকে “সৌভাগ্যবান” হিসেবে অভিহিত করে ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই সংলাপ পর্ব থেকেই জাতি একটি নতুন আশার পথে পা বাড়াবে।