বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির উদ্যোগে একটি জাতীয় কর্মশালা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

কর্মশালায় উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আলোচনায় থাকবে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা ও সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ এবং উচ্চশিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কার।

আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা খাতে বাস্তবায়নযোগ্য নীতিগত একটি পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।