ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, উচ্চকক্ষ গঠনের বিষয়ে আগামী দুই-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো সম্ভব হবে। রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে তিনি এই মন্তব্য করেন।


ড. আলী রীয়াজ বলেন, কমিশনের লক্ষ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্য সনদের খসড়া চূড়ান্ত করা। তিনি জানান, ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে।


তিনি আরও বলেন, \"উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে।\"


আজকের বৈঠকে আরও আলোচনায় আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধানের বিষয়। ড. আলী রীয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্তত চারটি রাজনৈতিক দল থেকে প্রস্তাব এসেছে। এই প্রস্তাবগুলো কমিশনের নিজস্ব সুপারিশের সঙ্গে মিলিয়ে আলোচনায় আনা হবে।


তিনি আশা প্রকাশ করে বলেন, \"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আমরা আশাবাদী।\"


কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থা নির্ধারণে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।