আজ (বুধবার, ৯ এপ্রিল) থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর তৃতীয় দিনে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

\r\n

উদ্বোধনী আয়োজনে ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। এদিন সম্মেলনে অংশগ্রহণকারীরা স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন এবং এই ইন্টারনেট ব্যবহার করেই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

\r\n

চারদিনব্যাপী বিজনেস সামিটে এরই মধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি কয়েকটি বিদেশি ব্যাংক বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে ঋণের প্রতিশ্রুতিও দিয়েছে।

\r\n

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আনুষ্ঠানিক কার্যক্রম সহজীকরণ এবং জ্বালানি নীতিতে সংস্কারের ঘোষণা দিয়েছে। আজকের অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসা স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সকল ধরনের সহায়তার আশ্বাস দেবেন প্রধান উপদেষ্টা।

\r\n

উল্লেখ্য, গত ২৯ মার্চ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে বিনিয়োগ নিবন্ধন পেয়েছে। তবে দেশে ইন্টারনেট সেবা দিতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নিতে হবে।

\r\n

এর আগে ৬ মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ স্টারলিংকের নিবন্ধনের বিষয়টি জানান। তিনি বলেন, “আমরা স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই ধারাবাহিকতায় ২৯ মার্চ তাদের নিবন্ধন দেওয়া হয়।”

\r\n

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ২০২৪ সালে ভুটানে বাণিজ্যিকভাবে স্টারলিংকের সেবা চালু হয়। এবার বাংলাদেশে শুরু হলো এর পরীক্ষামূলক যাত্রা।