রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাব নম্বর সংবলিত একটি পোস্ট দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। তবে পোস্টটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে তা মুছে ফেলা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার কিছু পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই পোস্টটি করা হয়। পোস্টে লেখা ছিল, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।”

পোস্টের সঙ্গে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের একটি ব্যাংক হিসাব নম্বরও উল্লেখ করা হয়। তবে কেন হঠাৎ করে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে রয়েছেন বিমানটির পাইলট, একজন শিক্ষিকা ও বেশ কয়েকজন শিক্ষার্থী।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার মাত্র ১২ মিনিট আগে, অর্থাৎ দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানায় আইএসপিআর।

দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় বিমান ও ভবনের একাংশে। প্রাণহানির পাশাপাশি বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।