ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটি এ তথ্য জানায়। বার্তায় বলা হয়েছে, “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।”
জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এ সময় আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে সংগঠনটি দাবি করেছে।
অভিযোগ করা হয়েছে, এই সংঘর্ষে শতাধিক কর্মী আহত হয়েছেন। আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে প্রকাশিত বার্তায় বলা হয়, “শতাধিক আহত, জাবের গুলিবিদ্ধ।”
সংগঠনটি শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে, “আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে ফিরব।”





